আমতলী (বরগুনা) প্রতিনিধি
পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কের চুনাখালী ব্রিজ এলাকায় পিকআপ ভ্যানের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে হেল্পার নিহত এবং চালক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে পিকআপ ভ্যানের হেল্পার মোঃ আজাদ মোল্লা (২৭) ঘটনাস্থলেই নিহত হন। আহত চালক মেহেদী (২৮) কে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নিহত আজাদ মোল্লার বাড়ি টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার ফুলকি গ্রামে। তার পিতার নাম আউয়ুব মোল্লা। আহত চালক মেহেদীর বাড়ি একই জেলার সফিপুর উপজেলার বেথুয়া গ্রামে। তার পিতার নাম অব্বাস মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, ফার্নিচারবোঝাই একটি পিকআপ ভ্যান (নম্বর: ন-১২-৫৯৭৭) আমতলীর দিকে যাচ্ছিল। পথে চুনাখালী ব্রিজের কাছে পৌঁছালে হঠাৎ পিকআপের বাম পাশের চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে যানটি ব্রিজের সঙ্গে সজোরে ধাক্কা লাগে এবং সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। চালক ও হেল্পার গাড়ির ভেতরে আটকা পড়ে।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাড়ির দরজা কেটে তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে হেল্পার আজাদ মোল্লা মারা যান।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হোসেন জানান, হাসপাতালে আনার আগেই আজাদ মোল্লা মারা যান। আহত চালক মেহেদীকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আমতলী থানার ওসি আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

