গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, “পবিত্র ঈদুল আজহার উৎসবের মধ্য দিয়ে ত্যাগের মহিমা মানুষের সামনে তুলে ধরা হয়। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে সর্বোচ্চ ত্যাগের মানসিক প্রস্তুতি রাখতে হয়। প্রতিবছর ঈদুল আজহার মাধ্যমে সেই মূল্যবোধকে জাগ্রত করা হয়।”
বৃহস্পতিবার (২৮ মে) সকালে বরিশালের গৌরনদী উপজেলার সরিকলে নিজ বাড়িতে ঈদুল আজহার নামাজ শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, “এবার আমরা এমন এক প্রেক্ষাপটে ঈদ উদযাপন করছি, যখন বিশ্বের নানা স্থানে সংকট চলছে। আমাদের দেশে নবনির্বাচিত সরকার একটি বিধ্বস্ত অর্থনীতিকে নতুনভাবে গড়ে তোলার কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা দেশবাসীর দোয়া কামনা করছি।”
এদিকে গৌরনদী পৌরসভার ব্যবস্থাপনায় সকাল ৭টায় কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম, জামায়াতে ইসলামীর বরিশাল জেলা কর্মপরিষদের সদস্য কামরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এছাড়াও থানা জামে মসজিদ, টরকী বন্দর আদর্শ মসজিদ, কটকস্থল কেন্দ্রীয় মসজিদ, তাঁরাকুপি-কটকস্থল কেন্দ্রীয় মসজিদ এবং হাজী বাড়ি বাইতুন নুর জামে মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে মুসল্লিরা দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

