নওগাঁ প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে মামাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোছা. সুমাইয়া (৮) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সাহাগোলা ইউনিয়নের বহলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আত্রাই উপজেলার খট্টেশ্বর গ্রামের মো. ওয়াসিমের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া কয়েকদিন আগে মামাবাড়িতে বেড়াতে আসে। বুধবার বেলা আনুমানিক ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পুকুরে অনুসন্ধান চালিয়ে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে দ্রুত উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা বিষয়টি মেনে নিতে না পেরে উন্নত চিকিৎসার আশায় সুমাইয়াকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। তবে সেখানকার চিকিৎসকরাও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সুমাইয়ার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায়ও এ ঘটনায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।

