চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। চারঘাট ও বাঘা উপজেলার দায়িত্বপ্রাপ্তদের অংশগ্রহণে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চারঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সল তালুকদার, বাঘা উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাবুদ্দিন মন্ডল, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুর নূর, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল এবং বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করতে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ে কোনো ধরনের অবহেলা করা যাবে না, যাতে সরকারি এ কার্যক্রমের সুফল প্রকৃত উপকারভোগীরা পান।
এ সময় দুই উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, সংশ্লিষ্ট কর্মকর্তা, তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, ১০ ও ১১ অক্টোবর দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

