কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।
বুধবার (৩ জুন) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকসা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মোর্শেদ সজিব (৪৫)। তিনি আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।
কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মো. শ্যামল মিয়া জানান, কটিয়াদী থানার মামলা নং-১২, তারিখ ১৭ নভেম্বর ২০২৫, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, এ মামলায় এখন পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোর্শেদ সজিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

