গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার হরিসেনা গ্রাম থেকে নিখোঁজ হওয়া ১৬ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন তরুণী সুরাইয়া আক্তার-এর এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পরিবার সূত্রে জানা গেছে, হরিসেনা গ্রামের বাসিন্দা হালিম ফকিরের মেয়ে সুরাইয়া আক্তার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত ২ জুন সকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজের পর স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে সুরাইয়ার সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে তার বাবা হালিম ফকিরের মোবাইল নম্বর ০১৯৭৯-৮০৭৫৭০-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
স্থানীয়রা দ্রুত সুরাইয়ার সন্ধান মিলবে বলে আশা প্রকাশ করেছেন।

