গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের প্রায় ১২০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন বলে দাবি করা হয়েছে। বুধবার (৩ জুন) বিকেলে সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দল পরিবর্তনের ঘোষণা দেন।
অনুষ্ঠানে নিজড়া মধ্যপাড়া এলাকার আওয়ামী লীগ নেতা ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখ তাদের অনুসারীদের নিয়ে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. কে এম বাবর-এর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।
এ সময় ড. কে এম বাবর বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিরা বিএনপিতে যোগদান করলে তাদের স্বাগত জানানো হবে।”
নবাগত বিএনপি নেতা ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখ বলেন, এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন। দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, বিএনপি নেতা ফজলুল কবির দারা, পৌর বিএনপির সভাপতি শেখ হাচিবুর রহমান, বিএনপি নেতা এস এম জিয়াউল কবির বিপ্লব, সাজ্জাদ হোসেন হীরা, যুবদল নেতা রাজিব বিশ্বাস, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, ইমরুল মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

