জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবির) বাধার মুখে সেই কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ।
মঙ্গলবার দিবাগত রাত থেকে পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১ নম্বর মেইন পিলারের ৪৭ ও ৪৮ নম্বর সাব-পিলারের মধ্যবর্তী এলাকায় শূন্যরেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে বিএসএফ সদস্যরা।
স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে দ্রুত বিজিবিকে অবহিত করেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিএসএফের কার্যক্রমে বাধা দিলে উভয় বাহিনীর সদস্যদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে স্থানীয়দের অভিযোগ, পতাকা বৈঠকের পরও বুধবার বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্যরেখার নিকটবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা অব্যাহত রেখেছে। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডার সাত্তার হোসেন কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, “এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া কোনো বক্তব্য দেওয়া সম্ভব নয়।”
ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। স্থানীয়রা দ্রুত বিষয়টির কূটনৈতিক ও প্রশাসনিক সমাধানের দাবি জানিয়েছেন।

