নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো আপস করবে না। সরকার জনস্বার্থবিরোধী কোনো পদক্ষেপ নিলে তার বিরুদ্ধে সংসদ ও রাজপথে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে।
বুধবার (৪ জুন) গাজীপুরের একটি অডিটোরিয়ামে আয়োজিত সারাদেশের বাছাইকৃত থানা আমীরদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দলের ৭৭ জন সংসদ সদস্যের মধ্যে কেউ অন্যায়, অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। দলীয় শৃঙ্খলা অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করে বহিষ্কার করা হবে।
তিনি বলেন, দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম, জেল-জুলুম ও নির্যাতনের মধ্য দিয়ে জামায়াতে ইসলামী বর্তমান অবস্থানে এসেছে। অসংখ্য নেতাকর্মীর আত্মত্যাগ এবং শহীদদের রক্ত দলের কাছে পবিত্র আমানত। সেই আমানত রক্ষা করা এবং জনগণের প্রত্যাশা পূরণ করা নেতাকর্মীদের দায়িত্ব।
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জামায়াত আমীর বলেন, জনগণ পরিবর্তনের প্রত্যাশা করলেও বিভিন্ন ক্ষেত্রে পূর্ববর্তী সরকারের ধারা অব্যাহত থাকার অভিযোগ উঠছে। বিশেষ করে ইসলামী ব্যাংক সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, পিলখানা ট্র্যাজেডিতে ৫৭ জন সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এখনো প্রকাশ না হওয়ায় জনগণের মধ্যে প্রশ্ন রয়ে গেছে। এ বিষয়ে সরকারের স্বচ্ছ অবস্থান ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করে দেশবাসী।
একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নেতাকর্মীদের সততা, নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক জীবনে আদর্শিক চর্চা জোরদার করতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার করা উচিত নয়। অসত্য, বিভ্রান্তিকর ও অশালীন তথ্য সমাজে বিভেদ সৃষ্টি করে। তাই সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।
শিক্ষা শিবিরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত থানা আমীর ও দায়িত্বশীল নেতারা অংশ নেন। অনুষ্ঠানে সংগঠনের আদর্শিক শক্তি বৃদ্ধি, জনসম্পৃক্ততা বাড়ানো এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

