নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আগলী ইউনিয়নের চন্ডিদাসী এলাকায় মাদক ব্যবসার অভিযোগে এক দম্পতির নির্মাণাধীন বাড়ি ভাঙচুর করেছে স্থানীয় লোকজন। শুক্রবার (৫ জুন) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বাসিন্দা আইয়ুব ও তার স্ত্রী ময়নার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তাদের মাদক ব্যবসার কারণে এলাকার যুবসমাজের একটি অংশ নেশার দিকে ঝুঁকে পড়ছে।
অভিযোগ রয়েছে, এলাকাবাসী একাধিকবার আইয়ুব ও ময়নাকে মাদক ব্যবসা বন্ধ করার অনুরোধ জানালেও তারা তা উপেক্ষা করে কার্যক্রম চালিয়ে যান। এতে ক্ষুব্ধ হয়ে শুক্রবার সকালে স্থানীয়রা একত্রিত হয়ে তাদের নির্মাণাধীন বাড়ির একটি অংশ ভেঙে ফেলেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে এবং এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য পৌঁছেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা এবং ভাঙচুরের ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, কারও বিরুদ্ধে অভিযোগ উঠলেই আইন নিজের হাতে তুলে নেওয়া সমর্থনযোগ্য নয়। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থাই গ্রহণ করা উচিত বলে মনে করছেন সচেতন মহল।

