Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব পরিবেশ দিবসে গাকৃবি ভিসির আহ্বান: প্রকৃতির সঙ্গে সহাবস্থানেই নিরাপদ ভবিষ্যৎ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
জুন ৫, ২০২৬ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য ও প্রখ্যাত মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেছেন, “প্রকৃতিই আমাদের ভবিষ্যতের পথপ্রদর্শক। প্রকৃতির সঙ্গে সংঘাত নয়, সহাবস্থানই হতে হবে আমাদের উন্নয়নের দর্শন।”

‘জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, প্রকৃতি শুধু মানুষের আশ্রয়স্থল নয়, বরং মানবজাতির অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক। পৃথিবীর বৃক্ষ, নদী, মাটি, জীববৈচিত্র্য ও জলবায়ু ব্যবস্থা পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। এই ভারসাম্য নষ্ট হলে মানবসভ্যতার অস্তিত্বও হুমকির মুখে পড়বে।

তিনি বলেন, বিশ্ব উষ্ণায়নের ফলে শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় পৃথিবীর গড় তাপমাত্রা ইতোমধ্যে উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর ফলে বন্যা, খরা, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব দেখা দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম হওয়ায় পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ড. মোস্তাফিজুর রহমান জানান, গবেষণায় দেখা গেছে বৃক্ষরোপণ, কৃষিবনায়ন, জৈব সার ব্যবহার, পানি সংরক্ষণ এবং পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। একই সঙ্গে এসব উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, “আজকের শিশুদের জন্য আমরা কেমন পৃথিবী রেখে যাচ্ছি, সেটিই সবচেয়ে বড় প্রশ্ন। পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকার বা কোনো প্রতিষ্ঠানের নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। একটি বৃক্ষ রোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো, পানির অপচয় রোধ কিংবা প্রকৃতির প্রতি দায়িত্বশীল আচরণ—এসব ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তনের ভিত্তি গড়ে তুলতে পারে।”

বিশেষ বার্তায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবান্ধব ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি, জীববৈচিত্র্য সংরক্ষণ, কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ, জল ও মাটি ব্যবস্থাপনা প্রযুক্তির উন্নয়ন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং জলবায়ু সহনশীল কৃষি গবেষণাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান উপাচার্য।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কৃষকসহ দেশের সকল নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রকৃতি থেকে প্রেরণা নিয়ে জলবায়ু সুরক্ষা এবং আগামী প্রজন্মের জন্য নিরাপদ ভবিষ্যৎ নির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।