মো.ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর উপজেলার টাটকপুর ঈদগাহের সম্মানিত ইমাম মাওলানা মোঃ ইউসুফ আলীর দীর্ঘ ৫১ বছরের ধর্মীয় সেবার স্বীকৃতিস্বরূপ এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে ইমামতির দায়িত্ব পালন শেষে তিনি অবসরে যাচ্ছেন।
শুক্রবার (৫ জুন) বিকেল ৩টায় টাটকপুর ঈদগাহ মাঠে স্থানীয় মুসল্লীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাটকপুর ঈদগাহ কমিটির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ঈদগাহ কমিটির সেক্রেটারি মোঃ নাজির শাহ মানিক, কোষাধ্যক্ষ আজিজুর রহমান রাজীব, সদস্য সাহেদার রহমান বাবলুসহ কমিটির অন্যান্য সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীরা।
বক্তারা বলেন, মাওলানা ইউসুফ আলী টানা ৫১ বছর ধরে টাটকপুর ঈদগাহে ইমামতির দায়িত্ব পালন করে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় অনন্য অবদান রেখেছেন। এছাড়া তিনি পলিপ্রয়াগপুর দাখিল মাদ্রাসায় জুনিয়র মাওলানা এবং খয়েরপাড়া জামে মসজিদের খতিব হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তারা আরও বলেন, তার জ্ঞান, প্রজ্ঞা, সততা ও মানবিক গুণাবলি তাকে এলাকার মানুষের কাছে একজন শ্রদ্ধাভাজন আলেম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ধর্মীয় ও শিক্ষাক্ষেত্রে তার দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিদায় সংবর্ধনায় বক্তারা বলেন, মাওলানা ইউসুফ আলী শুধু একজন ইমাম নন, তিনি একজন শিক্ষক, পথপ্রদর্শক ও সমাজ সংস্কারক। তার আদর্শ ও দিকনির্দেশনা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের আবেগঘন মুহূর্তে অনেক মুসল্লী স্মৃতিচারণ করে বলেন, তার নেতৃত্বে এলাকার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড সমৃদ্ধ হয়েছে। তার অবদান টাটকপুরবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং মাওলানা ইউসুফ আলীর সুস্থ, সুন্দর ও বরকতময় জীবনের কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত সবাই তার দীর্ঘায়ু ও পরকালীন কল্যাণ কামনা করেন।

