স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে নলিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া চার বছর বয়সী শিশু ফারজানার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে নদীর আইজপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফারজানা মাথাভাঙ্গা গ্রামের আলী মোল্যার মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ফারজানা তার দাদির সঙ্গে বাড়ির পাশের নলিয়া নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত নদীর পানিতে তলিয়ে যায় সে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু কোনো সন্ধান না পেয়ে কালিয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে খুলনা থেকে আসা ডুবুরি দলও তল্লাশি কার্যক্রমে অংশ নেয়। তবে দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়েও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা হুমায়ুন কবির জানান, শুক্রবার দুপুর পর্যন্ত ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিকেলে তারা জানতে পারেন, নদীতে শিশুটির মরদেহ ভেসে উঠেছে।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, নিখোঁজ ফারজানার মরদেহ নলিয়া নদীতে ভেসে উঠেছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

