রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
সম্প্রতি ঘোষিত জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে খুলনা মহানগর ও জেলা পর্যায়ের কোনো নেতার স্থান না হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে হতাশা ও অসন্তোষ দেখা দিয়েছে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলের প্রতিনিধিত্ব না থাকায় দলীয় অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
দলীয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতারা নতুন কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পেলেও খুলনা মহানগর ও জেলা যুবদল থেকে কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি। এতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা খুলনার নেতাকর্মীদের এবারও কেন্দ্রীয় নেতৃত্বে স্থান পাওয়ার প্রত্যাশা ছিল।
স্থানীয় পর্যায়ের একাধিক নেতা জানান, অতীতের বিভিন্ন কেন্দ্রীয় কমিটিতে খুলনার বেশ কয়েকজন নেতা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ফলে এবারও অন্তত একজন বা একাধিক নেতার স্থান হবে বলে তারা আশা করেছিলেন। কিন্তু নতুন কমিটি ঘোষণার পর সেই প্রত্যাশা পূরণ হয়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় খুলনার নেতাকর্মীদের মধ্যে মনস্তাত্ত্বিক প্রভাব পড়তে পারে। পাশাপাশি স্থানীয় নেতৃত্বের সাংগঠনিক অবস্থান ও কার্যক্রম নিয়েও নানা প্রশ্ন তৈরি হতে পারে।
খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আবদুল আজিজ সুমন বলেন, “কেন্দ্রীয় কমিটিতে খুলনার প্রতিনিধি না থাকলেও ভবিষ্যতে বিভাগীয় বা অন্যান্য সাংগঠনিক পর্যায়ে দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে বিষয়টি বিবেচনায় আসতে পারে বলে আমরা আশা করছি। সংগঠনের বিভিন্ন স্তরে এখনও দায়িত্ব বণ্টনের সুযোগ রয়েছে।”
জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ বলেন, “অতীতের বিভিন্ন কমিটিতে খুলনার নেতারা দায়িত্ব পেয়েছেন। এবার কেন কাউকে রাখা হয়নি, সে বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বই ভালো বলতে পারবেন।”
একই ধরনের বক্তব্য দিয়েছেন মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল এবং জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনিও। তারা জানান, কমিটি ঘোষণার পর বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা এ বিষয়ে জানতে চাইলেও তাদের কাছে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই।
এ বিষয়ে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, সম্প্রতি জাতীয়তাবাদী যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। তবে সেই কমিটিতে খুলনা মহানগর ও জেলা ইউনিটের কোনো নেতা স্থান না পাওয়ায় বিষয়টি এখন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

