যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলায় বজ্রপাতে রয়েল (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আব্দুর রশিদ (৪৫) নামে আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া পশ্চিম মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রয়েল চান্দুটিয়া মধ্যপাড়া গ্রামের শিপনের ছেলে। আহত আব্দুর রশিদ একই গ্রামের আব্দুস সালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন রয়েল, আব্দুর রশিদসহ কয়েকজন কৃষক। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই রয়েলের মৃত্যু হয় এবং আব্দুর রশিদ গুরুতর আহত হন।
আহত আব্দুর রশিদ জানান, বজ্রপাতের পর তিনি মাঠেই পড়ে ছিলেন। পরে রেজাউল নামে এক পাওয়ার টিলার চালক তাকে আহত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত আব্দুর রশিদকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, নিহত রয়েলের মরদেহের আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

