Nabadhara
ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক তাপ, আতঙ্কে স্থানীয়রা

শরীয়তপুর প্রতিনিধি
জুন ৭, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে মাটির নিচ থেকে রহস্যজনকভাবে তাপ বের হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে হাসপাতালের একটি নির্দিষ্ট স্থানে প্রায় ৫০ ফুট এলাকাজুড়ে মাটি অস্বাভাবিকভাবে উত্তপ্ত থাকায় বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফায়ার সার্ভিসের একটি দল উত্তপ্ত স্থানে পানি ছিটিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে বারবার পানি দেওয়ার পরও তাপ কমেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান প্রবেশ সড়কের একটি অংশে মাটি স্পর্শ করলেই তীব্র তাপ অনুভূত হচ্ছে। বিষয়টি জানাজানি হলে কৌতূহলী মানুষ ঘটনাস্থলে ভিড় করতে শুরু করেন। একই সঙ্গে সম্ভাব্য দুর্ঘটনা বা বিস্ফোরণের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্থানীয়রা।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে উত্তপ্ত স্থানে গর্ত করে পানি দেওয়া হলেও তাপের উৎস শনাক্ত করা সম্ভব হয়নি।

গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুল রহমান মিয়া বলেন, “ঘটনাটি নজরে আসার পরই আমরা সংশ্লিষ্ট প্রশাসন, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। রোগী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

গোসাইরহাট পল্লী বিদ্যুতের ডিজিএম মো. আব্দুল মতিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বিদ্যুতের কোনো ত্রুটি বা লিকেজের প্রমাণ পাওয়া যায়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

গোসাইরহাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা এবিএম বাসার বলেন, “উত্তপ্ত স্থানে একাধিকবার পানি দেওয়ার পরও তাপমাত্রা স্বাভাবিক হয়নি। মাটির নিচ থেকেও তাপ অনুভূত হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে, তবে তাপের উৎস সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওসাদ হাসান বলেন, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞদের সহায়তা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রহস্যজনক এই তাপের উৎস শনাক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

এদিকে ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়লেও প্রশাসন গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হাসপাতাল এলাকার ওই অংশে জনসাধারণকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।