দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আকিজ বিড়ি ফ্যাক্টরির শ্রমিকরা। রোববার (৭ জুন) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের হোসেনাবাদ বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আকিজ বিড়ি ফ্যাক্টরির প্রায় দেড় শতাধিক শ্রমিক সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং প্রায় এক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারী শ্রমিকদের দাবি, বর্তমানে এক হাজার বিড়ি তৈরি করে তারা ৬১ টাকা মজুরি পান, যা বর্তমান বাজার পরিস্থিতির তুলনায় অপ্রতুল। তারা প্রতি হাজার বিড়ির মজুরি ২০ টাকা বৃদ্ধি করে ৮১ টাকা নির্ধারণের দাবি জানান।
শ্রমিক নেতা মোহাম্মদ টিপু সুলতান বলেন, “দীর্ঘদিন ধরে আমরা কম মজুরিতে কাজ করে আসছি। বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছি।” তিনি আরও বলেন, শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সড়ক অবরোধের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। পরে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহার করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে আকিজ বিড়ি ফ্যাক্টরির ম্যানেজার শ্যামল কুমার দাস বলেন, “শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির বিষয়টি নিয়ে আগামী ১৩ জুন ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হবে। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, “পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেছে। পরে তারা শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহার করে নেয়। বর্তমানে কুষ্টিয়া-প্রাগপুর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।”

