দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে এক টুকরো কাফনের কাপড়কে ঘিরে এলাকায় চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের পচামাদিয়া হাই স্কুলপাড়া এলাকায় ‘পানি পড়ার আস্তানা’ নামক স্থানে শনিবার গভীর রাতে কে বা কারা আরবি হরফে লেখা একটি কাপড়ের টুকরো ফেলে রেখে যায় বলে জানা গেছে।
রবিবার (৭ জুন) সকালে স্থানীয়রা কাপড়টি দেখতে পেয়ে সেখানে ভিড় জমান। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে কৌতূহল ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয়দের দাবি, কাপড়টির ওপর আরবি ভাষায় লেখা থাকায় এটি নিয়ে নানা সন্দেহ ও গুঞ্জন তৈরি হয়। অনেকেই ধারণা করছেন, এটি কুফরি কালাম বা জাদুটোনার উদ্দেশ্যে ফেলে রাখা হতে পারে। তবে এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এলাকাবাসী জানান, গভীর রাতে অজ্ঞাত কেউ কাপড়টি সেখানে রেখে যায়। এরপর সকালে তা দেখতে পেয়ে স্থানীয়রা জড়ো হন এবং বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।
স্থানীয় মসজিদের ইমাম মো. জাহাঙ্গীর আলম জানান, তিনি সকালে ঘটনাস্থলে গিয়ে একটি কাপড় দেখতে পান, যাতে আরবি বা অন্য কোনো ভাষায় লেখা ও নকশা ছিল। তার ধারণা অনুযায়ী সেটি কাফনের কাপড় হতে পারে। পরে যোহরের নামাজের পর তিনি আবার ঘটনাস্থলে গিয়ে দেখেন, স্থানীয়রা কাপড়টি পুড়িয়ে ফেলেছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, এ ধরনের কোনো ঘটনার খবর তারা এখনও পাননি।

