মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আমেনা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
রবিবার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার রহিমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম উপজেলার মোল্লারকুল গ্রামের দাউদ মোল্লার স্ত্রী। দুর্ঘটনার সময় তিনি অটোরিকশার যাত্রী ছিলেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের রহিমা ফিলিং স্টেশনের সামনে ঢাকা-গামী বলেশ্বর পরিবহনের একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমেনা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত অপর চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

