শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার লড়ারকুল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লড়ারকুল গ্রামের একটি মাছের ঘের থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্র ঘটনাস্থলে অভিযান চালান।
এ সময় একটি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং উপজেলার হিজলা ইউনিয়নের শিবপুর কাটাখালী গ্রামের সাহাদাৎ হোসেন ফকিরের ছেলে মোস্তাফিজুর রহমান ফকির মোস্তাক (৩৫)-কে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনের দায়ে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

