আর. কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় থানা পুলিশের অভিযানে চোরাই গরু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গরুর মালিক বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, উপজেলার দেবীশহর গ্রামের মৃত মোহর আলীর ছেলে আব্দুর সাত্তার গাজী (৬৫) তার তিনটি গরু গত ৫ জুন সকাল ৭টার দিকে দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পশ্চিম পাশে ময়নাতলা বিলের মাঠে ঘাস খাওয়ার জন্য বেঁধে রেখে বাড়িতে যান।
পরে সকাল ১০টার দিকে গরুগুলো দেখতে গিয়ে তিনি দেখতে পান, তিনটি গরুর মধ্যে দুটি গরু বিলে বাঁধা থাকলেও একটি কালো রঙের এঁড়ে গরু নিখোঁজ রয়েছে।
এ ঘটনায় আব্দুর সাত্তার গাজী দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রামনাথপুর (মাঝিপাড়া) গ্রামের রবিন ঘোষের ছেলে অনিল ঘোষের (২৪) বাড়ি থেকে চোরাই গরুটি উদ্ধার করে।
অভিযানের সময় মামলার অপর আসামি জগন্নাথপুর গ্রামের রাশেদ সরদারের ছেলে মাসুদ সরদার (৪০) পালিয়ে যায়। তবে পুলিশ অনিল ঘোষকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত গরুটি পরবর্তীতে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চোরাই গরু উদ্ধার এবং একজন আসামিকে গ্রেপ্তার করেছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

