বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে ১৮ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। তবে বিজিবি ও স্থানীয় জনসাধারণের সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সোমবার (৮ জুন) দিবাগত মধ্যরাতে দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর সীমান্তের কুমারেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে লোকজনকে পুশইনের চেষ্টা চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে বাঘারচর ও পাথরেরচর সীমান্তসংলগ্ন কুমারেরচর এলাকা দিয়ে ১৮ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।
অভিযোগ রয়েছে, এ সময় বিএসএফ সার্চলাইট বন্ধ করে পুশইনের চেষ্টা চালায়। তবে বিজিবির কঠোর অবস্থান এবং স্থানীয় জনগণের সহযোগিতার কারণে সেই চেষ্টা সফল হয়নি।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা লাঠিসোটা নিয়ে সীমান্ত এলাকায় অবস্থান নেন। এতে এলাকায় উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়।
এর আগে রোববার (৭ জুন) রাতেও বড়াইবাড়ী সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইনের চেষ্টা করা হয়েছিল বলে স্থানীয় সূত্র দাবি করেছে। সেবারও বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিন ধরে জামালপুর সীমান্ত দিয়ে একাধিকবার পুশইনের চেষ্টা হয়েছে। তবে জামালপুর ৩৫ বিজিবির কঠোর নজরদারি ও স্থানীয়দের সহযোগিতায় এসব চেষ্টা প্রতিহত করা হচ্ছে।
এদিকে জামালপুর বিজিবির আওতাধীন ৭২ কিলোমিটার সীমান্তজুড়ে ১৫টি বিওপির সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
বিজিবির পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানা গেছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “গত কয়েকদিন ধরে এই সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের চেষ্টা করা হচ্ছে। তবে স্থানীয় জনগণের সহযোগিতায় বিজিবি সব ধরনের পুশইন প্রচেষ্টা প্রতিহত করতে সক্ষম হয়েছে।”

