Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে জোড়া হত্যা মামলার বাদীকে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি
জুন ৯, ২০২৬ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে একটি জোড়া হত্যা মামলার বাদী কৃষক রফিকুল ইসলাম রফিকে (৪৫) মিথ্যা অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (৯ জুন) দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার মা লাইলী বেগম এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লাইলী বেগম বলেন, গত ৩ জুন সকালে রফিকুল ইসলাম রফি নিজের জমি থেকে নেপিয়ার ঘাস কেটে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বাঘাডাঙ্গা গ্রামের ব্যানাকুড় মাঠে মহেশপুর ৫৮ বিজিবির একটি টহল দল তার গতিরোধ করে।

তিনি অভিযোগ করেন, তল্লাশির সময় রফির শরীরে কিছু না পেয়ে তাকে ঘাসক্ষেতের ভেতরে নিয়ে যাওয়া হয় এবং পরে সেখানে থেকে ভারতীয় পলিথিনে মোড়ানো একটি বস্তু উদ্ধার দেখিয়ে সেটিকে বিদেশি পিস্তল দাবি করে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহতের পরিবারের দাবি, রফি কোনো সন্ত্রাসী বা অস্ত্র ব্যবসায়ী নন। ২০২৪ সালের ১৭ জানুয়ারি সীমান্ত এলাকায় তার ভাই শামীম ও চাচা মন্টুকে গুলি করে হত্যা করা হয়, ওই মামলার তিনি প্রধান বাদী। সেই মামলার পর থেকেই তাকে মামলা প্রত্যাহারের জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করা হয়।

লাইলী বেগম আরও দাবি করেন, ওই জোড়া হত্যা মামলাকে ভিন্ন খাতে নিতে এবং রফিকে সরিয়ে দিতে একটি চক্র পরিকল্পিতভাবে তাকে এ মামলায় জড়িয়েছে।

এদিকে ঘটনাটি নিয়ে বিজিবির দেওয়া তথ্যের মধ্যে ভিন্নতা রয়েছে বলে অভিযোগ উঠেছে। এজাহারে বলা হয়েছে, রফির কাছ থেকে দেহ তল্লাশি করে অস্ত্র উদ্ধার করা হয়। তবে পূর্বে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, গোপন সংবাদের ভিত্তিতে ঘাসক্ষেত থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ দুই ধরনের তথ্য নিয়ে এলাকায় বিভ্রান্তি তৈরি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম অভিযোগ অস্বীকার করে বলেন, “অস্ত্র উদ্ধারের বিষয়টি সম্পূর্ণ সত্য। রফির কাছ থেকেই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিজিবি নিয়মতান্ত্রিকভাবেই দায়িত্ব পালন করেছে।”

সংবাদ সম্মেলনে রফির পরিবার বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। এ সময় পরিবারের সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।