নড়াইল প্রতিনিধি
নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২) নামে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার ভাটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু একই গ্রামের মাজেদুল শেখের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল দুই ভাই। এ সময় পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে শিশু দুটিকে ভাসতে দেখা যায়। পরে তাদের দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অলোক কুমার বাকসী জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

