আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
বাংলার নদ-নদী, খাল-বিল ও বাওড়ে দেশীয় মাছের ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় ৬৮০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার (১০ জুন) উপজেলার টগরবন্দ এলাকার টিঠা ভাসমান সেতু বাওড়ে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের “দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)” এর আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।
এ কর্মসূচির আওতায় পাবদা, গুলশা, টেংরা ও শিং—এই চার প্রজাতির মোট ৬৮০ কেজি মাছের পোনা বাওড়ে অবমুক্ত করা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এসব পোনা বড় হয়ে জলজ জীববৈচিত্র্য সমৃদ্ধ করবে এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী। প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক ময়েদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু।
বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে প্রাকৃতিক জলাশয় রক্ষা ও অভয়াশ্রম সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া এ উদ্যোগ সফল করা সম্ভব নয়।
জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান বলেন, প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ ও নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা গেলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ প্রজন্ম সমৃদ্ধ মৎস্যসম্পদ পাবে।
ইউএনও রিফাত নূর মৌসুমী বলেন, জলাশয় দখল ও দূষণ রোধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। দেশীয় মাছ রক্ষায় জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে বাওড়ে মাছের পোনা অবমুক্ত করেন।

