এস এম শরিফুল ইসলাম,স্টাফ রিপোর্টার,নড়াইল
নড়াইলের সদর উপজেলার সিঙ্গাশোলপুর গ্রামে গর্তের পানিতে ডুবে বাপ্পী শেখ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০জুন) বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে। মৃত বাপ্পী শেখ সিঙ্গাশোলপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা গেছে,বুধবার বিকালে শিশুটি পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের গর্তে পড়ে যান। বেশ কিছুক্ষণ পর শিশুটিকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে গর্তে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। বাপ্পী শেখ কে দ্রুত উদ্বার করে মোটর সাইকেলযোগে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অলোক কুমার বাগচী শিশুটি কে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার কুন্ডু বুধবার বিকালে জানান,শিশুর মৃত্যুর খবর শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

