কালকিনি ও ডাসার প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলায় মাদকের বিস্তার ও কথিত মাদক ব্যবসায়ীদের কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেলে কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কের পাশে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে এলাকায় মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার কারণে সামাজিক অবক্ষয় বাড়ছে এবং যুবসমাজ বিপথগামী হচ্ছে। তারা আরও বলেন, যারা মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিবাদ করেন, তাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানির শিকার হতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকার যুবক আল-আমিন সরদার মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানালে তাকে মারধরের শিকার হতে হয়। এ ঘটনায় তিনি কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও মানববন্ধনে জানানো হয়।
এ সময় বক্তারা কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ তুলে দ্রুত তদন্ত সাপেক্ষে গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা বলেন, প্রশাসনের কঠোর পদক্ষেপ ছাড়া এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মাদকের কারণে পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মাদক নির্মূলে প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দক্ষিণ গোপালপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

