মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের পাঁচ দিন পর শহিদুল মাতুব্বর (৪০) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেলে পার্শ্ববর্তী মাদারীপুরের রাজৈর উপজেলার পান্থাপাড়া এলাকা থেকে শহিদুলের মরদেহ উদ্ধার করা হয়। তিনি মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের মৃত আব্দুল ছালাম মাতুব্বরের ছেলে।
মুকসুদপুর থানা সূত্রে জানা যায়, শহিদুল নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পান্থাপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কমলাপুর গ্রামের আবু শেখের ছেলে নুর হোসেন এবং কাশেম শেখের ছেলে পলাশ শেখ।
নিহতের ভাই শাহিদুল মাতুব্বর জানান, গত ৬ জুন সকালে তার ভাই ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফিরে আসেননি। পরদিন ৭ জুন মুকসুদপুর থানায় একটি জিডি করা হয়। পরে স্থানীয়ভাবে জানতে পারেন, নুর হোসেন ও পলাশ শেখ তার ভাইকে নিয়ে গিয়েছিল।
তিনি অভিযোগ করে বলেন, “আমার ভাইয়ের ইজিবাইক ছিনতাই করে তাকে হত্যা করা হয়েছে। মরদেহও পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাই।”
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
পুলিশ জানিয়েছে, হত্যার প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

