Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

Link Copied!

আহমেদ সিফাত, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পাঁচতলা একটি ভবনের ছাদ থেকে নিচে পড়ে আকাশ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, তিনি পেশাদার চোর হিসেবে পরিচিত ছিলেন। বুধবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের জামান টাওয়ারে এ ঘটনা ঘটে।

নিহত আকাশ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চারারবন এলাকার জুয়েল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার কিছুক্ষণ আগে কুলিয়ারচর মডেল মসজিদ থেকে এসির পাইপ ও বৈদ্যুতিক তার চুরির অভিযোগে স্থানীয়রা আকাশকে শনাক্ত করে ধাওয়া দেয়। পরে তিনি সেখান থেকে পালিয়ে কুলিয়ারচর বাজারের পাঁচতলা জামান টাওয়ার ভবনে আশ্রয় নেন।

জানা যায়, ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় মার্কেট, নিচতলায় গোডাউন ও বিভিন্ন সংগঠনের কার্যালয় এবং চতুর্থ ও পঞ্চম তলায় আবাসিক ফ্ল্যাট রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভবনটিতে এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয়দের ভাষ্যমতে, ভবনের ভেতরে আকাশকে দেখতে পেয়ে কয়েকজন ব্যক্তি ‘চোর, চোর’ বলে ধাওয়া করলে তিনি পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে ভবনের ছাদ থেকে পাশের আরেকটি ভবনে যাওয়ার সময় ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। প্রত্যক্ষদর্শীদের ধারণা, পাশের ভবনে লাফিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

পড়ে যাওয়ার সময় নিচে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশার ওপর আছড়ে পড়ে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, মরদেহ হাসপাতালে আনার পর দীর্ঘ সময় পার হলেও পরিবারের কোনো সদস্য সেখানে উপস্থিত হননি। স্থানীয়দের ভাষ্য, চারারবন এলাকা থেকে হাসপাতালের দূরত্ব খুব বেশি না হলেও প্রায় দুই ঘণ্টা পর্যন্ত স্বজনদের কাউকে হাসপাতালে দেখা যায়নি।

এ বিষয়ে কুলিয়ারচর থানা পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।