নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিএসটিআইয়ের লাইসেন্সবিহীন খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে একটি বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে নরসিংদী সদর উপজেলার হাজীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার নির্দেশনায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নরসিংদীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বেকারিতে অভিযান চালিয়ে দেখা যায়, কোনো ধরনের বৈধ বিএসটিআই লাইসেন্স ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে।
এ সময় বিএসটিআইয়ের পরিদর্শক রাসেল প্রসিকিউশন দাখিল করলে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। খাদ্যপণ্য উৎপাদনে কোনো ধরনের অনিয়ম বা আইন লঙ্ঘন বরদাশত করা হবে না।”
অভিযানে র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

