Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে অস্ত্রের মুখে এনজিও কর্মীর কাছ থেকে দেড় লাখ টাকা ছিনতাই

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুন ১১, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে জিম্মি করে এক নারী এনজিও কর্মীর কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় হামলায় ওই নারী কর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের কলেজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সুমাইয়া আক্তার মিতা দৌলতপুর উপজেলার হোসেনাবাদ ব্র্যাক অফিসে মাঠকর্মী হিসেবে কর্মরত। তিনি পার্শ্ববর্তী মিরপুর উপজেলার চারুলিয়া গ্রামের ফরহাদ আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া আক্তার মিতা গ্রাহকদের কাছ থেকে ঋণের কিস্তির টাকা সংগ্রহ করে অফিসে ফেরার পথে কলেজপাড়া এলাকায় পৌঁছালে মুখোশধারী দুইজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে তার গতিরোধ করে। পরে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা তার কাছে থাকা প্রায় দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।

ভুক্তভোগী সুমাইয়া আক্তার মিতা বলেন, “গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে ফেরার পথে দুইজন অস্ত্রধারী আমাকে জিম্মি ও মারধর করে টাকা ছিনিয়ে নেয়। তাদের মুখ ঢাকা ছিল, তাই কাউকে শনাক্ত করতে পারিনি।”

হোসেনাবাদ ব্র্যাক অফিসের সহকারী ব্যবস্থাপক ফারুক হোসেন বলেন, “আমাদের মাঠকর্মী সুমাইয়া আক্তার কালেকশনের টাকা নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের কবলে পড়েন। তারা অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। আমরা থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।