বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে শুন্য রেখায় আটক থাকার পর অবশেষে ষষ্ঠী চন্দ্র বর্মন (৬৮) নামে এক বৃদ্ধকে পরিবারের কাছে হস্তান্তর করেছে বিজিবি ও থানা পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) বিকাল সাড়ে ৪টায় বকশীগঞ্জ থানা চত্বরে আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলার এলাকার শুন্য রেখা থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয় বিজিবি।
পরিবারের ভাষ্য অনুযায়ী, প্রায় দুই মাস আগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিজ এলাকা থেকে নিখোঁজ হন ষষ্ঠী চন্দ্র বর্মন। পরবর্তীতে বুধবার সকালে তাকে বকশীগঞ্জ সীমান্ত এলাকায় দেখা গেলে বিএসএফ সদস্যরা তাকে পুশইনের চেষ্টা করে। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তা ব্যর্থ হয়। পরে তিনি শুন্য রেখায় অবস্থান নেন এবং বিষয়টি নিয়ে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়।
পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।

