কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার পুকুরের দক্ষিণ পাড়ে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফীন।
জাতীয় এ মেগা কর্মসূচির আওতায় প্রতি বছর দেশজুড়ে গড়ে ৫ কোটি চারা রোপণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চলতি অর্থবছরে প্রকল্পটির জন্য প্রাথমিকভাবে ৫ কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও সাইফ উল আরেফীন বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে এ উদ্যোগে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি রেঞ্জার ও উপজেলা বন কর্মকর্তা মো. আক্তার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব মুন্সি, বিআরডিপির চেয়ারম্যান মিজানুর রহমান বেপারী, পৌর ছাত্রদল নেতা হাসান হাওলাদার, বাগানমালি সিরাজ বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় প্রতিটি নাগরিককে অন্তত একটি করে ফলজ, বনজ বা ঔষধি গাছের চারা রোপণ করে তা পরিচর্যা করতে হবে।

