Nabadhara
ঢাকাশনিবার , ১৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে আর্জেন্টিনা প্রেমে রাঙানো বাড়ি, নজর কাড়ছে এলাকাবাসীর

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
জুন ১৩, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

রাস্তা দিয়ে চলতে গেলেই চোখ আটকে যায় একটি বাড়ির দিকে। বাড়ির চারপাশের দেয়াল নীল-সাদা রঙে রাঙানো—একদম আর্জেন্টিনার পতাকার আদলে। দেয়ালের দুই পাশে আঁকা হয়েছে আর্জেন্টিনার পতাকার লোগো। তবে এটি কোনো ফুটবল তারকার বাড়ি নয়, বরং আর্জেন্টিনার একনিষ্ঠ ভক্ত সালেহীন সোয়াদ সাম্মীর বাড়ি।

ফরিদপুরের মধুখালী পৌরসদরের বাসিন্দা সাম্মী আর্জেন্টিনা দল ও ফুটবল তারকা লিওনেল মেসির ভীষণ ভক্ত। প্রিয় দলের প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে তিনি নিজের বাড়ির দেয়ালকে আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন। গোন্দারদিয়া গ্রামের এই এলাকায় আর্জেন্টিনা ও ব্রাজিল—দুই দলেরই সমর্থক থাকলেও সাম্মী নিজেকে আর্জেন্টিনার বড় সমর্থক হিসেবে পরিচিত করেছেন।

স্থানীয়দের মতে, ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী সাম্মী ২০০৬ সালের বিশ্বকাপের সময় থেকেই আর্জেন্টিনাকে সমর্থন করে আসছেন। এরপর থেকে নিজের বাড়িতে নিয়মিত আর্জেন্টিনার পতাকা টানানো শুরু করেন। এবার পুরো বাড়ির দেয়ালই রঙ করা হয়েছে আর্জেন্টিনার পতাকার আদলে।

সালেহীন সোয়াদ সাম্মী বলেন, ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের প্রতি আমার প্রবল ভালোবাসা। যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সেই ভালোবাসা থেকেই বাড়ির দেয়াল আর্জেন্টিনার রঙে সাজিয়েছি।

একই গ্রামের বাসিন্দা জুবায়ের শেখ বলেন, আমি নিজেও আর্জেন্টিনার সমর্থক। সাম্মী ভাইয়ের বাড়িটি দেখে খুব ভালো লেগেছে। আমাদের গ্রামে আর্জেন্টিনার সমর্থক বেশি, তবে ব্রাজিলের সমর্থকও আছে।

আরেক আর্জেন্টিনা সমর্থক আমাতুর রহমান বলেন, সাম্মী ভাই আর্জেন্টিনাকে অনেক ভালোবাসেন। আমরা আশা করি এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে।

অন্যদিকে ব্রাজিল সমর্থকেরাও নিজেদের দলকে সমর্থন জানিয়ে গ্রামজুড়ে নানা জায়গায় বিলবোর্ড টানিয়েছেন। সব মিলিয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের এই ফুটবল উন্মাদনায় সরগরম মধুখালী এলাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।