Nabadhara
ঢাকাসোমবার , ১৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডুবন্ত কার্গো থেকে চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, অর্ধগলিত মরদেহ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি
জুন ১৫, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় নদীতে ডুবে যাওয়া একটি পণ্যবাহী কার্গো থেকে মো. আব্দুল্লাহ পশারী (২২) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কার্গোতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে তার মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জুন) সন্ধ্যায় উপজেলার পারেরহাট ইউনিয়নের উমেদপুর এলাকায় কচা নদীতে ডুবে থাকা কার্গো থেকে জিয়ানগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল্লাহ একই এলাকার আলাল পশারীর ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত ১২ জুন ঢাকা থেকে ছেড়ে আসা আকিজ গ্রুপের এমভি গ্রীন এসট্রল-১ নামের একটি পণ্যবাহী কার্গো পারেরহাট মৎস্য বন্দর সংলগ্ন কচা নদীর চরে দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কার্গোটি নদীতে ডুবে যায়। পরে চালক, হেলপার ও সংশ্লিষ্টরা নিরাপদে সরে যান।

একই দিন রাত সাড়ে ১১টার দিকে আব্দুল্লাহ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে ডুবন্ত কার্গোর পাশে একটি ডিঙ্গি নৌকায় তার এক পাটি জুতা এবং কার্গোর সিঁড়ির ওপর ব্যবহৃত মোবাইল ফোন দেখতে পান। এ ঘটনায় ১৩ জুন জিয়ানগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নিহতের বড় ভাই রানা পশারী।

রানা পশারী বলেন, “আমার ভাই নিখোঁজ ছিল। আমি থানায় জিডি করেছি। সে কেন এবং কীভাবে ওই জাহাজের কাছে গিয়েছিল, তা জানি না। এটি দুর্ঘটনা নাকি অন্য কিছু, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে।”

জিয়ানগর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মনিরুজ্জামান জানান, নিখোঁজের জিডির পর বরিশাল থেকে ডুবুরি দল এনে অভিযান চালানো হয়। পরে কার্গোটির ইঞ্জিন কক্ষ থেকে আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে একাধিক ব্যক্তি একটি নৌকায় করে কার্গোটিতে প্রবেশ করেছিল। ইঞ্জিন কক্ষে ঢোকার সময় আব্দুল্লাহ পা পিছলে পড়ে ভেতরে আটকা পড়ে যান। পরে তার সঙ্গীরা পালিয়ে যায়।”

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাব্বত খান বলেন, “নিখোঁজ সংক্রান্ত জিডির ভিত্তিতে ফায়ার সার্ভিসকে চিঠি দেওয়া হয়েছিল। যৌথ অভিযানে কার্গোর ভেতর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

চুরির বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।