জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকায় বিপ্লব ঘোষ (৩৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) দিনগত রাতের কোনো এক সময় তার মৃত্যু ঘটে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত বিপ্লব ঘোষ মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী ঘোষপাড়া এলাকার মৃত সুশীল ঘোষের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিপ্লব ঘোষ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তার মৃত্যুকে ঘিরে এলাকায় নানা গুঞ্জন থাকলেও অনেকের ধারণা এটি আত্মহত্যা হতে পারে। তবে স্বজনরা বলছেন, বিষয়টি স্পষ্ট নয় এবং সঠিক কারণ জানা প্রয়োজন।
খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মাদারগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, প্রাথমিকভাবে এটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

