ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে দরিদ্র ও প্রান্তিক নারীদের আত্মকর্মসংস্থান ও আয়বৃদ্ধির লক্ষ্যে ২০ জন সদস্যের মাঝে ২৮০টি সোনালী টাইগার জাতের মুরগির বাচ্চা বিতরণ করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ব্র্যাকের ত্রিশাল এরিয়া অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এসএস লিড ও দরিদ্র সদস্যদের মাঝে এসব মুরগির বাচ্চা বিতরণ করা হয়। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)-এর উদ্যোগে এবং সংশ্লিষ্ট ইউনিটের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)-এর ঊর্ধ্বতন আঞ্চলিক ব্যবস্থাপক মো. ছাদেক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র এলাকা ব্যবস্থাপক জীবন কৃষ্ণ রায়, সিনিয়র শাখা ব্যবস্থাপক মো. আমিরুল ইসলাম, সহকারী শাখা ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, এসএস লিড জেনারেশন কর্মকর্তা শাহজাহান চৌধুরী, সম্প্রসারণ কর্মকর্তা মো. ইয়াসিনসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তারা।
বিতরণ কার্যক্রমের পাশাপাশি উপকারভোগীদের জন্য মুরগি পালন, খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ দেন ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ অফিসের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রেজাউল করিম জৈমত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে ব্র্যাক দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সোনালী টাইগার জাতের মুরগি পালন স্বল্প পুঁজিতে লাভজনক হওয়ায় উপকারভোগীরা দ্রুত আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ ও স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপকারভোগীরা এ সহায়তার জন্য ব্র্যাক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যথাযথ পরিচর্যার মাধ্যমে মুরগি পালন করে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন।

