মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শ্যামল পালের বিরুদ্ধে দায়িত্ব পালনে অনিয়ম ও অফিসে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি নিয়মিত অফিস সময় অনুসরণ না করে নিজের সুবিধামতো কর্মস্থলে আসা-যাওয়া করেন, যার ফলে ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষ নানা ভোগান্তির শিকার হচ্ছেন।
অভিযোগ অনুযায়ী, সরকারি চাকরির বিধি-বিধান ও শৃঙ্খলা অনুসরণ না করে দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে দায়িত্ব পালন করে আসছেন শ্যামল পাল। স্থানীয়দের ভাষ্য, বিগত সরকার আমলে প্রায় ১০ বছর একই কর্মস্থলে দায়িত্ব পালনের পর বিভিন্ন তদবিরের মাধ্যমে পুনরায় একই কর্মস্থলে যোগদান করেন তিনি।
অভিযোগকারীরা জানান, প্রশাসনিক কর্মকর্তা শ্যামল পালের কর্মস্থলে উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়টি টানা ১০ কার্যদিবস পর্যবেক্ষণ করা হয়েছে। পর্যবেক্ষণে তার অনিয়মিত উপস্থিতির অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে দাবি করেন তারা। এ সংক্রান্ত ভিডিওচিত্রও ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারীরা।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং প্রভাবশালী মহলের সমর্থনের কারণে তিনি দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চালিয়ে যেতে পারছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা শ্যামল পালের বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বক্তব্য নেওয়ার জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে সচেতন মহল অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন

