নিজস্ব প্রতিবেদক
“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় র্যালি, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তর, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার, মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং তরুণদের শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করেন।
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারোয়ার লিমার সভাপতিত্বে আয়োজিত সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের ক্রেস্ট প্রদান করা হয়।
মাদারীপুরের কালকিনিতে আলোচনা সভা, পুরস্কার ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুরের কালকিনি উপজেলায় রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন।
অন্যদিকে, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ আয়োজনে একই দিন বিকেলে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের মিলনায়তনে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়।
পটুয়াখালীর দুমকিতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সুফিয়ান ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পরিবার পরিকল্পনা, মাতৃ-শিশু স্বাস্থ্যসেবা এবং তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিকল্প নেই।
নেত্রকোনার খালিয়াজুরীতে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান। তিনি বলেন, পরিবার পরিকল্পনার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করাই সংশ্লিষ্টদের প্রধান দায়িত্ব।
ঝিনাইদহে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি তরুণরা। তাদের শিক্ষা, দক্ষতা, কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে হবে। আলোচনা শেষে জেলা ও উপজেলা পর্যায়ের সেরা মাঠকর্মী ও অফিস প্রধানদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা সনদ বিতরণ করা হয়।
চাঁদপুরের কচুয়ায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির। বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য, কৈশোরকালীন স্বাস্থ্যসেবা ও তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পরে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য সাতটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়
অনুষ্ঠানগুলোতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

