ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির আলোচিত ব্যক্তি ও সাবেক সংসদ সদস্য আলহাজ আমির হোসেন আমুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শামীম আহমেদ (জর্দা শামীম)-এর নামে ইস্যুকৃত দুটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স জননিরাপত্তার স্বার্থে বাতিল করেছে ঝালকাঠি জেলা প্রশাসন।
জানা গেছে, তাকে ঘিরে দীর্ঘদিনের বিভিন্ন অভিযোগ, বিতর্ক ও সমালোচনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে তার নামে ইস্যুকৃত দুটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়।
জেলা প্রশাসনের আদেশ অনুযায়ী, ঝালকাঠি পৌর এলাকার বাসিন্দা শামীম আহমেদের মালিকানাধীন একটি এনপিবি পিস্তল এবং একটি শটগানের লাইসেন্স বাতিল করা হয়েছে। একই সঙ্গে অস্ত্র দুটি ও সংশ্লিষ্ট গোলাবারুদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি বিধি অনুযায়ী সংশ্লিষ্ট থানায় অস্ত্র দুটি এবং সব ধরনের গোলাবারুদ অবিলম্বে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের এ সিদ্ধান্তকে জননিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।
বিষয়টি প্রকাশ্যে আসার পর জেলায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় অনেকেই আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে এ সিদ্ধান্তকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

