ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা নদীতে মৎস্য সম্পদ রক্ষায় পরিচালিত যৌথ অভিযানে প্রায় ২২ হাজার মিটার অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় নৌ পুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে নদী থেকে প্রায় ৪ হাজার মিটার দৈর্ঘ্যের ১০টি নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল এবং ১৮ হাজার মিটার দৈর্ঘ্যের ২টি ‘বাঁধা জাল’ জব্দ করা হয়। এসব জালের মোট বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।
পরে শহরের গুরুধাম এলাকায় নিয়ে জব্দ করা জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, দেশীয় মাছের প্রজনন, জলজ জীববৈচিত্র্য ও নদীর পরিবেশ রক্ষায় ক্ষতিকর অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। তিনি জানান, ২০২৬–২০২৭ অর্থবছরের ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ’ কর্মসূচির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

