নোয়াখালী প্রতিনিধি
হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে আগামী ১ আগস্ট অনুষ্ঠিতব্য ইসলামী মহা-সমাবেশ সফল করতে নোয়াখালীতে সাংবাদিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী সুপার মার্কেটের ফুড-পেস্তা রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর তত্ত্বাবধানে ‘জমইয়্যাতুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ’ এবং ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী সুপার মার্কেট পরিচালনা কমিটির সভাপতি মো. ইকরাম উল্লাহ ডিপটি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘জমইয়্যাতুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ’ নোয়াখালী-লক্ষ্মীপুর অঞ্চলের সভাপতি মাওলানা ছিদ্দিকুর রহমান। এছাড়া বিভিন্ন আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা হেজবুত তওহীদকে একটি ঈমানবিধ্বংসী সংগঠন বলে দাবি করে সংগঠনটিকে নিষিদ্ধ করার আহ্বান জানান। তারা বলেন, এ দাবির সমর্থনে আগামী ১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহা-সমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন।
সভায় উপস্থিত সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা মহা-সমাবেশ সফল করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

