বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এম রহমান সড়ক এলাকায় বৈধভাবে কেনা জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মুন্নি আক্তার নামে এক গৃহবধূ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বসতঘরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২২ সালে রঙ্গশ্রী মৌজার একটি জমি সাব-কবলা দলিলের মাধ্যমে ক্রয় করেন। দলিল নম্বর ২৪৩৩/২০২২ অনুযায়ী সাড়ে ৩ শতাংশ জমি কেনার পর সেখানে বালু ভরাট, গাছপালা রোপণ এবং বসতঘর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন।
মুন্নি আক্তারের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে প্রবাসী সৈয়দ মনির নিজেকে বিএনপির নেতা পরিচয় দিয়ে তাদের বৈধভাবে ক্রয় করা জমি জবরদখলের চেষ্টা করছেন।
তিনি আরও দাবি করেন, গত ২০ জুলাই তার স্বামী মোহাম্মদ সাখাওয়াত মোল্লা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সৈয়দ মনিরের দুই ভগ্নিপতি সিদ্দিক খলিফা ও তারেক খানসহ কয়েকজন তাকে মারধর করেন এবং বসতভিটা ছেড়ে না দিলে হত্যার হুমকি দেন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, অভিযুক্ত ব্যক্তি মোবাইল ফোনে পুলিশকে প্রভাবিত করার এবং তাদের বসতবাড়িতে অগ্নিসংযোগের হুমকি দিয়েছেন। এতে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন মুন্নি আক্তার।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান এবং পুলিশ প্রশাসনের কাছে পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও বৈধভাবে ক্রয় করা বসতভিটা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত প্রবাসী সৈয়দ মনিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বিদেশে অবস্থান করায় তার বক্তব্য পাওয়া যায়নি। তার বাড়িতেও পরিবারের কোনো সদস্যকে পাওয়া যায়নি।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, “এ ধরনের ঘটনার বিষয়ে আমাদের জানা নেই। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

