কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তর-এর কুয়াকাটা প্রতিনিধি ও পরিবেশ-পর্যটনকর্মী কেএম বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) রাত প্রায় ১১টার দিকে কুয়াকাটার সৈকত হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, কাজ শেষে বাড়ি ফেরার পথে ৫ থেকে ৬ জন সশস্ত্র ব্যক্তি অতর্কিতভাবে কেএম বাচ্চুর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে হাতুড়ি দিয়ে মাথা, ডান পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কুয়াকাটা পৌর যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক হারুন মুসল্লী, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বায়জিদ এবং ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শহিদ সিকদারের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগের স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের আহমেদ রিয়াজ বলেন, “ঘটনাটি জেনেছি, যা অত্যন্ত দুঃখজনক। ছাত্রদলের কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মো. ফারুক বলেন, “কুয়াকাটায় শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ রয়েছে। এ পরিবেশ নষ্ট করার সঙ্গে যুবদলের কেউ জড়িত থাকলে তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

