নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাকেনা, ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন ওরফে জাবেদ (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার চরজুবলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরজুবলি গ্রামের পঞ্চায়েত বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাবেদ ওই এলাকার আবুল মিয়া ও ছালেয়া খাতুন দম্পতির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) জাবেদের মা ছালেয়া খাতুন (৬৮) তার ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি দাবি করেন, জাবেদ ও তার সহযোগী পিচ্চি মাসুদ (৩৭) এবং সুমন (৩৪) তাদের বসতবাড়িকে কেন্দ্র করে মাদকদ্রব্য বেচাকেনা এবং আইনবিরোধী রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এসব কর্মকাণ্ডে বাধা দেওয়ায় অভিযুক্তরা তাকে ও পরিবারের সদস্যদের মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেয়।
অভিযোগে আরও বলা হয়, গত ২৭ মে রাত ৮টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাদের বসতবাড়িতে প্রবেশ করে দরজা-জানালাসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ সময় প্রতিবাদ করলে ছালেয়া খাতুন ও তার স্বামীকে মারধর করা হয় এবং হত্যার হুমকিও দেওয়া হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, “জাবেদের বিরুদ্ধে তার মায়ের দায়ের করা অভিযোগ ছাড়াও বিস্ফোরক ও মারামারির ঘটনায় আরও দুটি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”

