মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর যোগদান উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী। সভা সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।
সভায় বক্তব্য দেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি সাদেকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, অবসরপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক নুরুল হক ভূইয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান কাজল এবং উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা।
বক্তারা নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনসেবার মানোন্নয়ন এবং সরকারি-বেসরকারি সব মহলের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
জবাবে ইউএনও সানজিদা চৌধুরী উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, উপজেলার উন্নয়ন ও জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। তিনি অনলাইন জুয়া ও মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে সভার শুরুতে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

