ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে টর্নেডোতে ক্ষতিগ্রস্ত ৩৩টি পরিবারের মাঝে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর পক্ষে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজান হোসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদি এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ চেয়ারম্যান।
উল্লেখ্য, গত ১৯ জুলাই সকালে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে প্রায় ৪০ সেকেন্ডের একটি টর্নেডোর আঘাতে ৩৩টি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তদের সহায়তায় এ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

