বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুর ৩৫ বিজিবির পৃথক মাদকবিরোধী অভিযানে সীমান্ত এলাকা থেকে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) সকালে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন রৌমারী বিওপির সদস্যরা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০৬৩ সীমান্ত পিলারের কাছে অভিযান পরিচালনা করেন। অভিযানে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ইয়াবা পাচারের অভিযোগে মো. নাসির (৪৫) নামে একজনকে আটক করা হয়। তিনি কুড়িগ্রাম জেলার খাটিয়ামারী গ্রামের মনিরুজ্জামানের ছেলে।
এদিকে, রোববার দিবাগত রাতে বালিয়ামারী বিওপির সদস্যরা সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, ইয়াবা ও ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় পৃথকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।”

