গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।
সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, গোপালগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. জুবায়ের হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের মৎস্য বিভাগের কর্মকর্তারা।
সভায় বক্তারা দেশের পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্য চাষ সম্প্রসারণ, জলজ সম্পদ সংরক্ষণ এবং মৎস্যসম্পদ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।
বক্তারা আগামী ১৬ আগস্ট থেকে শুরু হতে যাওয়া জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ সফলভাবে উদযাপনে সংশ্লিষ্ট সব দপ্তর, জনপ্রতিনিধি ও অংশীজনের সমন্বিত সহযোগিতা কামনা করেন।
সভায় জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

