আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় তরুণদের উদ্যোগে আত্মপ্রকাশ করেছে সমাজসেবামূলক সংগঠন ‘সবার জন্য আমরা-২৫’।
বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আলফাডাঙ্গা ডাকবাংলো পুকুর মার্কেটে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ উপলক্ষে আলোচনা সভা এবং নতুন কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল কাদের শেখ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুন্না। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা মেয়র প্রার্থী ও সমাজসেবক মুন্সি বেলাল হুসাইন।
এছাড়াও বক্তব্য দেন আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির, সিনিয়র সহসভাপতি কবির হোসেন, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের খণ্ডকালীন ক্রীড়া শিক্ষক আব্দুল কাদের তুহিন, কৃতি ফুটবলার ও সমাজসেবক মাসুদ মুন্সি, উপজেলা প্রেসক্লাবের সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম এবং সমাজসেবক আশিকুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান তরুণদের সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের চর্চা বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তারা সংগঠনের সদস্যদের মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে সভাপতি আব্দুল কাদের শেখ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুন্নাসহ ১১৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পরে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সংগঠনের নেতারা জানান, নিয়মিত রক্তদান কর্মসূচি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি মানবিক, সচেতন ও সুন্দর সমাজ গড়ে তোলাই ‘সবার জন্য আমরা-২৫’-এর মূল লক্ষ্য।

